কুয়াকাটা সৈকতে পড়ে আছে মৃত ডলফিন

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ৫ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে।

রবিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফিস ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল রানা। এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দু'টি মৃত ইরাবতী ডলফিন এসেছিল।

আবুল রানা জানান, বিকেলে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এটি বিকেলের জোয়ারে এসেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে আজসহ মোট ৪টি ইরাবতী নতুন প্রজাতির এবং ২০২২ সালে ২১টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

জীব বৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করব।

এদিকে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে খবরটি জেনেছি। এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত