লিওনেল মেসিকে না পেয়ে নেইমার জুনিয়রের দিকে নজর দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেটা পুরনো খবর হলেও নতুন তথ্যটা বিশ্বকে সাড়া জাগানিয়া। আর সেটা হলো, আগামী সপ্তাহেই ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার চুক্তি স্বাক্ষর হতে চলেছে।
আহমেদ আল আজলান নামের এক সৌদি সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও সেই খবর জানাতে গিয়ে তিনি একটু রহস্যই রাখলেন। টুইটারে তিনি লিখেছেন, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল আগামী সপ্তাহে এমন এক বিশ্বখ্যাত ফুটবলারকে সই করাতে যাচ্ছে, যা সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠবে। সেই খেলোয়াড়ের প্রতি এ মৌসুমে বার্সেলোনার মতো ক্লাবও আগ্রহী।
টুইটারে আহমেদ আল আজলানের অনুসারীর সংখ্যা প্রায় ৬ লাখ। শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে আজলান বলেন, আমার কাছে তথ্য আছে আল হিলাল আগামী সপ্তাহে এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছে, যা এই মৌসুমের সেরা ঘটনা হবে, বিশ্বকে নাড়িয়ে দেবে। ওই খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে।
রহস্য-টহস্য করলেও তার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই ‘বিশ্বখ্যাত ফুটবলারের’ নাম নেইমার।
কেননা পরে কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর জানান। তিনি টুইটে জানিয়েছেন, আল হিলাল যে খেলোয়াড়টিকে সই করাতে যাচ্ছে, তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। ওয়ালিদ ও আজলানের টুইট ও টক শোর মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। যেখানে নাম না প্রকাশ করা খেলোয়াড়টি ব্রাজিল তারকা নেইমার বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
৩১ বছর বয়সী নেইমার এ মুহূর্তে পিএসজি ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন। তবে খুব বেশি ক্লাব এখনো তার প্রতি আগ্রহী হয়ে ওঠেনি। কিছুদিন আগে সিবিএস নিউজ খবর দিয়েছিল ব্রাজিল তারকা সৌদি আরব থেকে প্রস্তাব পেয়েছেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বড় অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েও রাজি করাতে না পেরে আল হিলাল কর্তৃপক্ষ নেইমারের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল।
