লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:১০ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী মাসু বেগমকে (২৫) শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী কামাল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

র‌্যাব আরও জানায়, গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। কামালের বাড়ি রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর মহল্লায়।

২০১৩ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসু বেগমকে বিয়ে করেন কামাল হোসেন। এরপর কামাল আরও দুটি বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী মাসুর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়, এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।

২০২০ সালের ১২ আগস্ট শ্বশুরবাড়িতে মাসুর গলায় ফাঁস দেওয়া মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, মাথায় আঘাত ও শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। ওই বছরের ২৩ অক্টোবর মাসুর মা বিবি ছায়েরা রামগতি থানায় হত্যা মামলা করেন।

গত ২১ জুন মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম। তিনি আসামি কামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত