কাতার পাঠানোর কথা বলে প্রতারণা, বিমানবন্দরে আটক ২

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

সিরাজগঞ্জের একজন দিনমজুরের স্ত্রীকে কাতারে গৃহকর্মী হিসেবে পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ বিষয়ে মোট চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সিরাজগঞ্জের একজন গৃহবধূ মোসা. আইরিন খাতুন (২০) তার গ্রামের একজন ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান। এসময় এখানে ভুক্তভোগীর পরিচয় হয় তারেকুজ্জামান রাকিবের (২৯) সাথে। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন।

এ সময় রাকিব ভুক্তভোগীকে বলেন যে বয়স কম হওয়ায় অভিযোগকারী নারী কাতার যেতে পারবেন না। এছাড়াও তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলেও সে ভুক্তভোগীকে ভয় দেখায় এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেয়। তার প্রস্তাবে আইরিন খাতুন রাজি হন এবং আসামি রাকিব এবং সিপনকে (৪০) কয়েক দফায় ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা দেন। এসময় অভিযুক্তরা আইরিনকে বারবার ফ্লাইট ডেট দিচ্ছিলেন। এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ জুন ও ১৪ জুন তারিখে বিমানবন্দরে আসতে বলে তারা গা ঢাকা দেন। আইরিন বারবার ফোন করলেও তারা এয়ারপোর্টে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নাই বলে তাকে ফিরে যেতে বলেন। আইরিন বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এসময় উপায় না দেখে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে এসে অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তারের পরিকল্পনা করে এয়ারপোর্ট এপিবিএন। এসময় আইরিনের মাধ্যমে আসামি রাকিব এবং সিপনের সাথে আবার যোগাযোগ করা হলে তারা আইরিনকে ফ্লাইট করে দেয়ার আশ্বাস দেন৷ এসময় আইরিনকে ৩০ জুন এয়ারপোর্টে এসে তার পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব। আসামি রাকিব ও সিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা আইরিনের সাথে দেখা না করে তাদের চক্রেরই আরও দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং আইরিনের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন।

ওই টাকা নিতে আসামি রবিন খন্দকার এবং শান্ত কালু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্ত্বর এলাকার বাইরে চায়ের দোকানে আইরিনের সাথে দেখা করেন। এ সময় তারা আইরিনকে তার পাসপোর্ট এবং ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলেই সাদা পোশাকে নজর রাখা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যরা তাদের দুইজনকে আটক করেন। রবিন, শান্ত, রাকিব, সিপনকে আসামি করে ভুক্তভোগী নারী বিমানবন্দর থানায় দণ্ডবিধি আইনে আজ মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত