ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চলগুলো থেকে প্রায় সাত লাখ শিশু রাশিয়ার ভেতরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন উচ্চস্তরের আইনপ্রণেতা। গত রবিবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক কমিটির প্রধান গ্রেগরি কারাসিন টেলিগ্রামে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের বিরোধপূর্ণ এলাকাগুলোর বোমা ও গোলাবর্ষণ থেকে পালিয়ে আসা সাত লাখ শিশু আমাদের কাছে আশ্রয় পেয়েছে।’ বিরোধপূর্ণ অঞ্চলগুলোর এতিম ও পরিত্যক্ত শিশুদের রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে দাবি মস্কোর। কিন্তু ইউক্রেনের অভিযোগ, শিশুদের অবৈধভাবে দেশছাড়া করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হাজার হাজার শিশুকে তাদের বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে অধিকাংশ বাসিন্দা ও শিশুকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম কয়েক মাসের মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে রুশ বাহিনীর কাছে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারের চেষ্টায় ইউক্রেনীয় বাহিনী পূর্ব ও দক্ষিণাঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করার আগে। ২০২২ সালের জুলাইতে এক হিসাবে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়া ২ লাখ ৬০ হাজার শিশুকে ‘জোরপূর্বক’ ইউক্রেন থেকে সরিয়ে তাদের অঞ্চলগুলোতে নিয়ে গেছে।
×
