প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করেছে নেদারল্যান্ডস-ভিত্তিক বিনিয়োগ তহবিল গুড ফ্যাশন ফান্ড (জিএফএফ)। ফ্যাশন শিল্পের কার্যক্রমকে টেকসই করতে বিনিয়োগ করে সংস্থাটি। তাদের এক মিলিয়ন মার্কিন ডলারের তহবিলটি পেয়েছে প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেড। ঢাকার নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় একটি আধুনিক ইন-হাউজ ওয়াশিং প্ল্যান্টে এই অর্থ বিনিয়োগ করেছে জিএফএফ।
পানি ও কেমিক্যালের দক্ষ ব্যবহার নিশ্চিতের জন্য ওয়াশিং প্ল্যান্টটিকে অত্যাধুনিক ওয়াশিং, ডাইং এবং হাইড্রো মেশিনারি দিয়ে সজ্জিত করা হবে। প্রোগ্রেস অ্যাপারেলস এর হংকং-ভিত্তিক হোল্ডিং কোম্পানি পিডিএস লিমিটেডের মাধ্যমে জিএফএফ এই বিনিয়োগ করেছে। এর মাধ্যমে পিডিএস, টেক্সটাইল খাতের একটি নতুন অংশীদার হিসেবে টেকসই বিনিয়োগকে উৎসাহিত করবে। একই সঙ্গে, অন্যান্য আন্তর্জাতিক তহবিলগুলোকেও বাংলাদেশে বিনিয়োগের জন্য আকর্ষণ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।
আদমজী ইপিজেডে অবস্থিত প্রোগ্রেস অ্যাপারেলসের ইন-হাউজ ওয়াশিং প্ল্যান্টের ইমপ্যাক্ট ইকুইপমেন্টে জিএফএফের এই বিনিয়োগ, প্রচলিত যন্ত্রপাতির তুলনায় পানি ও কেমিক্যালের খরচ কমাবে। আর যেহেতু গার্মেন্ট ওয়াশিং আর আউটসোর্স করতে হবে না, সেহেতু প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইনের ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা আরও বাড়াবে। এ ছাড়াও, কর্মীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি কেমিক্যাল, পানি এবং জ্বালানি ব্যবহারের মনিটরিং ব্যবস্থায় আরও সক্ষমতা অর্জন করবে ফ্যাক্টরিটি। গার্মেন্ট আউটসোর্স না করায়, গার্মেন্ট পরিবহন সংশ্লিষ্ট কার্বন নির্গমনও কমাবে এই বিনিয়োগ।
২০১৭ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেড একটি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি হংকং-ভিত্তিক পিডিএস লিমিটেডের অংশ। প্রোগ্রেস অ্যাপারেলসের ফ্যাক্টরিতে জনপ্রিয় আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য ওভেন বটম প্রস্তুত করা হয়।
