নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াসমিন মিলিকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দলিল লেখকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার চেয়ে মহাপরিদর্শক, নিবন্ধন বরাবর লিখিত অভিযোগপত্রও দিয়েছেন উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা। অভিযোগপত্রের অনুলিপি জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াসমিন মিলি দলিল লেখকদের কথায় কথায় সাময়িক বরখাস্ত করেন। কারণে-অকারণে কারণ দর্শানোর নোটিস দেন। স্মারক নম্বর ও তারিখ ছাড়া এসব নোটিস পাঠান তিনি। আবার নোটিস ও বরখাস্ত প্রত্যাহারে দুই অফিস সহকারীকে দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দলিল লেখকদের জুতাপেটা করা উচিত বলে শাসান। এমনকি দলিলের সাক্ষী ও শনাক্তকারীদের দালাল বলে গালি দেন এবং জেল খাটানোর হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াসমিন মিলি বলেন, ‘দলিল লেখকরা অনৈতিক সুবিধা পান না বলে এসব রটাচ্ছেন।’
