কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে বৈদ্যুতিক সেচপাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছে মাহিয়া (৮) নামের আরেক শিশু। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মাহি (৮) ও বিন্দিয়া (৬)।
মাহি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে। বিন্দিয়া একই গ্রামের বৃদ্ধি মিয়ার মেয়ে। হতাহতরা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচপাম্পের পানিতে গোসলের সময় অসাবধানতাবশত সেচপাম্পের তারে মাহির হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাকে রক্ষায় চেষ্টা করতে গিয়ে বিন্দিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিয়া আহত হয়। তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা করা হবে।
