শাকিবের মামলায় প্রযোজক রহমতের বিচার শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:০৬ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের করা মানহানি ও চাঁদাবাজির মামলায় চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ এসেছে আদালত থেকে। আগামী ৯ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। একই সঙ্গে রহমত উল্লাহকে আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। আদালতে রহমত উল্লাহর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মহিউদ্দিন। শাকিব খানের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল হাসান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগে রহমত উল্লাহ অভিযোগ করেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন রহমত উল্লাহ। তার বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে গত ২৩ মার্চ ঢাকার সিএমএম আদালতে মামলা করেন শাকিব খান। আদালত শাকিবের অভিযোগ আমলে নিয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে সমন জারির আদেশ দেয়। এরপর ২৭ মার্চ তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব। এরপর ১৮ এপ্রিল শাকিবের বিরুদ্ধে সিএমএম আদালতে মানহানির মামলা করেন রহমত উল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত