গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিশান মাহমুদ।
আবেদনে বলা হয়, গত ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন নুরুল হক নুর ওমরাহ হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতে দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গত ২২ জুন ঢাকার ফিলিস্তিন দূতাবাসে রোহিঙ্গাদের জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) খাদ্য সহায়তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সাংবাদিকদের বলেন, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠক করেছেন বলে তারা জানতে পেরেছেন। মোসাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি।
