সাভারের আশুলিয়ায় দিনদুপুরে যাত্রীবেশে ইজিবাইক চুরির চেষ্টাকালে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই নারীকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবেশে ইজিবাইক চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে পথচারীরা।
গ্রেপ্তার নারীর নাম নূর নাহার খাতুন। তিনি ময়মনসিংহ জেলার সদর থানার আনন্দিপুর গ্রামের মৃত জব্বার খানের মেয়ে। তিনি গাজীপুরের বাসন এলাকায় ভাড়া থাকেন। এর আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
অন্যদিকে ভুক্তভোগী ইজিবাইক চালক মাহবুব হাসান নওগাঁ জেলার আত্রাই থানার শাহীন আলমের ছেলে।
