বাংলাদেশের গ্রামীণ সংযুক্তি উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। সংস্থাটির কর্তৃপক্ষ এ অর্থায়ন অনুমোদন করেছে বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে ১ হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে।
এডিবি জানায়, ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট’ নামে এই প্রকল্প ২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত হয়। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত সংস্থা ও সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মহাপরিকল্পনার উন্নয়ন। ২০২০ সালে আরও ৯০০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। প্রকল্পটির মাধ্যমে সড়ক সংস্কারের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো ও আর্থসামাজিক কেন্দ্রগুলোর উন্নয়ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সব ধরনের আবহাওয়ার উপযোগী করে ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়কের সংস্কার হবে। এর বাইরে উপজেলা পর্যায়ে ১৮০টি সড়ক রক্ষণাবেক্ষণ কার্যালয়ে ট্রাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে প্রকৃতিভিত্তিক সমাধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়াবে।
