বানসালি আমাকে আঘাত করেছে : কারিনা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৩১ পিএম

দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন কারিনা কাপুর। বলিউডের প্রায় সব নামী পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি। তবে সেই তালিকা থেকে শুধু একজন বাদ রয়েছেন যার সঙ্গে কখনো কজ করবেন না তিনি।

এক সাক্ষাৎকারে কারিনা কাপুর জানিয়েছিলেন, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কখনো কাজ করবেন না। পরিচালকের উগ্র আচরণেই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।

কারিনা দাবি করেছিলেন, ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের জন্য তাকে বেছে নিয়েছিলেন সঞ্জয়। এমনকি তার স্ক্রিন টেস্টও হয়েছিল। চুক্তি সাক্ষরের জন্য নাকি পারিশ্রমিকও পেয়েছিলেন। কারিনার অভিযোগ, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেও তাকে ছবি থেকে বাদ দেন পরিচালক।

ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, সঞ্জয় আমাকে আঘাত করেছে। আমার হাতে কাজ না থাকলেও কখনো ওর সঙ্গে কাজ করব না।

যদিও কারিনার এ অভিযোগ অস্বীকার করেন বানসালি। তিনি বলেন, ডিজাইনার নীতা লুল্লার সঙ্গে সঞ্জয়ের কাছে এসেছিলেন কারিনা। জানিয়েছিলেন, পরিচালকের সঙ্গে কাজ করতে চান তিনি। কারিনা তখন সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। কারিনার অভিনয়-দক্ষতা সম্পর্কে বিশেষ অবগত ছিলেন না সঞ্জয়।

পরিচালক দাবি করেন, কারিনাকে ছবিতে নেওয়া হবে, এমন কোনও কথা তিনি দেননি। ছবি দেখার পর পারুর চরিত্রের জন্য কারিনাকে মানানসই বলে মনে হয়নি সঞ্জয়ের। সেই চরিত্রে ঐশ্বরিয়াকে নিতে চেয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত