সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় একজনের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০২:২৫ এএম

ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত আকাশ মাহমুদ (২১) মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।

আকাশ মানিকগঞ্জে শিবালয় উপজেলার চর কল্যাণপুর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

পরিবার সূত্র জানায়, আকাশ মাহমুদ একটি তামাকজাত পণ্য তৈরির কোম্পানিতে চাকরি করতেন। সেদিন রাতে সিগারেট সরবরাহ শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাবার সময় পেছন দিক থেকে কিশোর গ্যাংয়ের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন। এ সময় তার দুই হাত, বুক ও পেটের বাম পাশে গুরুতর জখম হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত সোমবার মামলা হয়। ওই মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার রাত ১০টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিকের গলিতে স্থানীয় পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপ নামের দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় চারজন। এদের মধ্যে পিনিক রাব্বি দলের আকাশ মাহমুদ গতকাল দুপুরে মারা যায়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত