চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দয়াল শীল (২৬) নামে এক নাপিতকে মরিচের গুঁড়ো ছিটিয়ে গলা কেটে পালানোর সময় দুজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের দেয়াঙ পাহাড়ের মরিয়ম আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুষার দাশ (২৪) ও রানা দাশ (২০)। দুজনই নাপিত পেশায় কর্মরত।
ভুক্তভোগী দয়াল শীল জানান, উপজেলার শাহমীরপুর জামতলা বাজারে তার সেলুনের দোকান নিয়ে তুষার ও রানার সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। এর জেরে তারা মুঠোফোনে ঘর থেকে ডেকে নিয়ে জোরপূর্বক পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধর করে এবং হত্যার উদ্দেশ্য গলায় ছুরি চালায়।
প্রত্যক্ষদর্শী আবু নাঈম জানান, ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় এক যুবক কোরিয়ান ইপিজেডের গেইটের দিকে দৌড়ে আসে।
তার কাছে ঘটনা জানতে পেরে আমরা গিয়ে ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশে দিই।
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, ‘আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
