রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সোম ও মঙ্গলবার সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার এবং অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সঙ্গে স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গতকাল শনিবার বেলা ১টায় সোসাইটির নেতারা বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে এ সভা করেন। পরে ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুসারে, আজ রবিবার দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকরা। সেই সঙ্গে আগামীকাল সোম ও মঙ্গলবার পর্যন্ত সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।
