জৌলুস নেই কৌতূহল আছে

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:৩৩ এএম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আজ। ক্ষমতাসীন সরকারি দলের প্রার্থীসহ আটজন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ কয়েকটি দল এ উপনির্বাচনে অংশ নিচ্ছে না। হেভিওয়েট বা রাজনৈতিকভাবে পরিচিত কোনো ব্যক্তিও প্রার্থী হিসেবে এ নির্বাচনে নেই। ফলে অনেকটা জৌলুস হারিয়েছে নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য ঘোষণা করা এ আসনের উপনির্বাচন।

তবে একদিকে আওয়ামী লীগের বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, অন্যদিকে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার মো. আশরাফুল আলমকে (হিরো আলম) নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী তথ্যানুসন্ধানী দল সফরে থাকাবস্থায় এ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণের মধ্যে কৌতূহল আছে।

এর মধ্যে ৪ জুলাই নির্বাচন ভবনে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পুলিশের শতভাগ নিরপেক্ষতা না পেলে বলবেন। আমি নাকে খত দিয়ে চলে যাব।’ তার এ বক্তব্য নির্বাচন নিয়ে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।

এ ছাড়া আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চাপও সরকারের ওপর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে সরকারের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে কথা বলে গেছে।

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত দেশ রূপান্তরকে বলেন, তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে ভোট দেবেন। জয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) সিকদার আনিসুর রহমান ঢাকা সেনানিবাসের শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন জানিয়ে বলেছেন, তিনি নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী।

ইউটিউবার মো. আশরাফুল আলম নিজেই নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ তিনি এ আসনের ভোটার নন। নিজ এলাকা বগুড়ার ভোটার তিনি। এখন পর্যন্ত ভোট নিয়ে নিজের ইতিবাচক প্রত্যাশার কথা জানান তিনি।

এ ছাড়া জাকের পার্টির প্রার্থী কাজী রাশিদুল হাসান বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে ভোট দেবেন। বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপনের ঠিকানা উত্তরা। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেনের ঠিকানা উল্লেখ করা হয়েছে পুরান ঢাকার গেন্ডারিয়ায়।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, এ নির্বাচনে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত কেউ না থাকার কারণে একদিকে যেমন কৌতূহল রয়েছে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের উপস্থিতিতে ভোট কেমন হয় তা নিয়েও আগ্রহ রয়েছে। ফলে ভোটাররা কোন পক্ষে ভোট দেয় সেটি দেখার বিষয়। এ ছাড়া যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আলোচনা রয়েছে, তাদের একজন রাজনৈতিক ব্যক্তি না হলেও ক্ষমতাসীনদের পক্ষে অনেক দিন ধরেই কাজ করছেন। অন্যদিকে হিরো আলম সমাজের উচ্চবর্গের না হলেও অনেককেই বিনোদন দিচ্ছেন। ফলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী ঠিকই বেছে নিতে চিন্তাভাবনা করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ বক্সের মধ্যে থাকলে সহি হবে আর বক্সের বাইরে থাকলে তা সহি হবে না এমনটি ভাবার কোনো কারণ নেই।’

গত ১৫ মে প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। তার শূন্য আসনে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। যদিও অন্য উপনির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য ভিসানীতির কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সম্প্রতি দেশটির আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে গেছে। সফরে তিনি প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। ফলে এর প্রভাব উপনির্বাচনে যে পড়বে, তা বলাই যায়। এ উপনির্বাচন একটা পরীক্ষার দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে সরকার চাইবে নির্বাচন সুষ্ঠু হোক। যাতে তারা বলতে পারেন তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। কারণ তাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিদ্ধান্ত দিতে হবে। সেটি সম্ভব হলে বিএনপি যে এক দফার ঘোষণা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাইছে, তার পাল্টা জবাব দিতে পারবে। আবার ভৌগোলিকভাবে ঢাকা-১৭ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। রাজধানীর মধ্যে থাকার কারণে এর দিকে নজর সবার। এলাকাটিতে সাধারণ জনমানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত যেমন রয়েছেন; তেমনই রয়েছে উচ্চবিত্তের মানুষের বাস। একই সঙ্গে রয়েছে কূটনৈতিকপাড়াও।

এই এলাকার বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাসের কম সময়ের জন্য এ আসনের সংসদ সদস্য করার জন্য যাকেই ভোট দেবেন, আগে তার বিভিন্ন দিক বিবেচনা করবেন। কোন প্রার্থী কেমন, ভোটারদের সঙ্গে তাদের যোগাযোগ কতখানিÑ এ বিষয়গুলো ছাড়াও জরুরি কিছু বিষয় যাচাই করতেও ভোটাররা ছাড় দেবেন না। কূটনৈতিকপাড়াসহ অভিজাত এই এলাকার সর্বস্তরে এখন নতুন ‘সংসদ সদস্যের’ ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। রাজধানীর ভাসানটেক, মাটিকাটা, মহাখালী সাততলা বস্তির কয়েকজন ভোটার জানান, ভোট সুষ্ঠু হলে তারা ভোটকেন্দ্রে যাবেন।

জাহাঙ্গীর আলম নামে এক ভোটার দেশ রূপান্তরকে বলেন, ফারুক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ছয় মাস পর থেকেই অসুস্থ ছিলেন। ভাসানটেক-মাটিকাটায় এসে মানুষের দুঃখ-কষ্টের কথা শুনতে পারেননি। তাই তিনি কিছু করে যেতে পারেননি। আর ছয় মাস পরেই জাতীয় নির্বাচন, তাই এ উপনির্বাচন নিয়ে আগ্রহ পাচ্ছি না। নির্বাচনের আমেজও এই এলাকায় দেখা যায়নি। তার মতো বনানী-গুলশানের একাধিক ভোটার বলেন, ওইদিন অধিকাংশ মানুষের অফিস থাকবে। তাই ভোট দিতে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখবেন।

আরিফুর রহমান নামে সাততলা বস্তি এলাকায় এক ভোটার জানান, ঝামেলা না হলে তিনি ভোট দিতে যাবেন। যাকে বেশি পছন্দ করি তাকেই ভোট দেবেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে ইসি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে কোনো চ্যালেঞ্জ নেই দাবি করে এ সাংবিধানিক সংস্থার প্রত্যাশা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের। এ উপনির্বাচনের পাশাপাশি আজ দেশের বেশ কয়েকটি জায়গায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা।

নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শনিবার মধ্যরাত থেকে সেখানে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে নিষিদ্ধ থাকবে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, ইজিবাইক চলাচল।

ঢাকা-১৭ আসনের নির্বাচনের বিষয় কোনো চ্যালেঞ্জ নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেছেন, ‘আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হবে। নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার নির্বাচনীসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা আশা করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব।’

ভোটগ্রহণ ব্যালটে করলেও প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা থাকবে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

ভোটের আগের দিন গতকাল রবিবার ১২৪ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। ভোটের দিন আজ ভোরে রিটার্নিং  কর্মকর্তার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের মাত্র সাড়ে পাঁচ মাস আগে নিরুত্তাপ এ নির্বাচন নিয়ে বেশ আগ্রহ না থাকলেও নিরাপত্তাব্যবস্থা থাকছে কঠোর।

গতকাল সন্ধ্যায় সিইসি কাজী হাবিবুল আউয়াল ভোটের সবশেষ প্রস্তুতি দেখতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমও ‍উপস্থিত ছিলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন, জাকের পার্টির কাজী রাশিদুল হাসান ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান। একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত