নীলফামারীর জলঢাকায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় মামলার চার দিন পর অভিযুক্ত দুলাভাই বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকালে উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা বড় জুম্মাপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বেলাল হোসেন ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।
এর আগে গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরী শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন বেলাল হোসেন। পরে ১১ জুলাই বিকেলে বেলালকে আসামি করে জলঢাকা থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বলেন, ঘটনার পর থেকে আসামি এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানা যায় তিনি গাজীপুর জেলায় আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে বাড়ি ফিরলে খবর পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ওইদিন বিকেলে আদালতে সোপর্দ করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
