আন্দোলনরত শিক্ষকদের ধাওয়া পুলিশের

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:০০ এএম

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ধাওয়া দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তবে গত দুদিন শিক্ষকদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রেস ক্লাবের সামনে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় গতকাল সোমবার বেলা ১টার দিকে শিক্ষকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। যদিও পরে আবার শিক্ষকরা তাদের আগের জায়গায় ফিরে আসেন।

আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, গতকাল তারা সপ্তম দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু বেলা ১টার দিকে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শিক্ষকদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের পক্ষে তাদের দাবি তুলে ধরেন। মহাপরিচালক তাদের ক্লাসে ফিরে যেতে বললে তারা দাবির পক্ষে সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না বলে জানান। 

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ গতকাল দুপুরে বলেন, ‘গত ১১ জুলাই থেকেই আমরা মাধ্যমিক শিক্ষা জাতী য়করণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনের অংশ হিসেবে আমাদের শিক্ষকরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির কথা তুলে ধরেন। কিন্তু হঠাৎ করে আমাদের অর্ধশত শিক্ষককে পেটানো হয়েছে। অনেক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড অথচ জাতির মেরুদন্ডরা আজ রাস্তায় লাঠিপেটা খাচ্ছেন।’

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, তাদের একটিই দাবি, মাধ্যমিক শিক্ষাব্যবস্থা সরকারীকরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত