ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ (ডিবি) ১৬ জনকে আটক করে। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করলে থানা পুলিশ তাদের মধ্য থেকে ৯ জনকেই ছেড়ে দিয়েছে। আর যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা আওয়ামী লীগের সমর্থক, যাদের অনেকেই থানা ও ওয়ার্ড ছাত্রলীগ এবং শ্রমিক লীগের পদধারী।
ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানান, ঘটনার পর তাৎক্ষণিক ১৬ জনকে আটক করা হয়। পরে বনানী থানায়
হস্তান্তর করা হয়। থানা পুলিশ যাচাই-বাছাই করে সাত জনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় জানা নেই বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
ডিবির আটক ১৬ জনের ৯ জনকে কীসের ভিত্তিতে ছাড়া হয়েছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ফোন কেটে দেন।
তবে পুলিশের একটি সূত্র বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের ছাড়া হয়েছে। হামলার সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন না।
