রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী বিদ্যুৎ গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাসান হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সায়দাবাদে তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর সদর জেলার গোফখালী গ্রামের মুন্নাফ হাওলাদারের ছেলে হাসান। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন। এক ছেলের জনক হাসান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, বিদ্যুৎ গলিতে রাতে দুর্বৃত্তরা তার বুকের দুই পাশে দুটি ও বাম হাতে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় নিয়ে আসেন। তখন দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
