সম্মেলনের ১০ মাসেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ১০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ওই সম্মেলনে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় শুধু। ১০ মাস পরও তারা পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৯ বছর পরে গত ২০২২ সালের ২৯ অক্টোবরে তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সম্মেলনের মাধ্যমে পুনরায় রেজবি উল কবির জোমাদ্দারকে সভাপতি ও তৌফিক উজ্জামান তনুকে সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয় সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামন মিন্টুকে। মাত্র এই তিনজনের নাম ঘোষণা করে এ কমিটি দেওয়া হয়। কেন্দ্রীয় নেতারা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেন। কিন্তু ওই কমিটির বয়স ইতিমধ্যে ১০ মাস পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো নাম নেই।

পদপ্রত্যাশী নেতারা বলছেন, নেতৃত্বে মতভেদ ও বিভাজন থাকায় পূর্ণাঙ্গ কমিটি গঠনে নেতিবাচক প্রভাব পড়ছে। এখন দলের রাজনীতির চেয়েও নেতার পরিচয়ে চলছেন পদপ্রত্যাশীরা। দলীয় পদ ছাড়া এ ধরনের নেতার পরিচয় দিয়ে রাজনীতি করতে অনেকে অস্বস্তিতে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার ভাষ্য, সম্মেলনের দীর্ঘদিন পরেও কমিটি না থাকা মানে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়া। ফলে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এখন কমিটি পূর্ণাঙ্গ করে দলকে শক্তিশালী করা প্রয়োজন। কোনো নেতার ব্যক্তিস্বার্থ ও নেতাদের মনোমালিন্য যেন দলের ওপর কোনো প্রভাব না ফেলে। সব কোন্দল মিটিয়ে দলকে চাঙ্গা করা দরকার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান তনু বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির কাগজ জেলায় পাঠানো হবে। আশা করছি দ্রুত কমিটি অনুমোদন হবে। দলে কোনো কোন্দল নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার বলেন, আমাদের ব্যক্তিগত মতভেদ ও বিভাজন থাকতে পারে, তবে দলীয় কোনো সমস্যা নেই কমিটি গঠনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত