ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে এখন প্রচণ্ড বাতাসসহ দাবানলের সঙ্গে লড়াই করছে গ্রিসের রোডস দ্বীপ। দেশটিতে তাপমাত্রা বাড়ছে। দেশজুড়েই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছে পর্যটকরাও। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারো পর্যটক দাবানল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছেন। রোডস দ্বীপে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে সেখানকার নগর কর্র্তৃপক্ষ। দাবানলের কারণে ১৯ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপটিতে আগুন জ¦লছে প্রায় এক সপ্তাহ ধরে। কর্মকর্তারা বলছেন, দেশের প্রায় সব অঞ্চলেই আরও আগুন ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি আছে। বিপর্যয়কর দাবানল মোকাবিলায় হিমশিম দেশটির কোরফু এবং ইভিয়া দ্বীপে সর্বশেষ মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সামনে কঠিন দিন, যতক্ষণ না তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ততক্ষণ সতর্ক থাকতে হবে।’
×
