জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার শুনানির সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি হবে আগামী ২৭ জুলাই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় গতকাল সোমবার সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান শুনানির জন্য এ দিন ধার্য করেন। গতকাল পর্যন্ত এ মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ৪৩ জন সাক্ষ্য দেন। আইনজীবীরা বলেন, যুক্তিতর্কের শুনানির পর মামলা রায়ের পর্যায়ে আসে। এর আগে সাক্ষ্যগ্রহণের পর আসামিরা ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন এবং সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পান। তবে তারেক রহমান ও জোবাইদা রহমান আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারা এ সুযোগ পাবেন না। তাদের পক্ষে এ মামলায় কোনো আইনজীবী রাখার আইনগত সুযোগ নেই। এ মামলায় দুদকের পক্ষে শুনানি করছেন কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
×
