রেলের জমির অবৈধ দখলদারদের তালিকা চেয়েছে হাইকোর্ট

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:২৪ এএম

দেশের বিভিন্ন জেলায় রেলওয়ের কী পরিমাণ জমি অবৈধ দখলে আছে, জানতে চেয়েছে হাইকোর্ট। এ ছাড়া দখলদারদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। আদেশের ৩০ দিনের মধ্যে রেলওয়ের মহাপরিচালককে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ-সংক্রান্ত রিট মামলার ধারাবাহিকতায় এক সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রুলে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং রেলওয়ের বিভিন্ন জেলায় থাকা  সম্পত্তি অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, নরসিংদীতে রেলের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে ২০১৬ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। হাইকোর্ট দখলদারদের উচ্ছেদে রুল দেয়। পরে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনাসহ বিভিন্ন জেলায় রেলের জায়গা দখল নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত