অর্পিত সম্পত্তিতে ৬০০% ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০২:১৩ এএম

দেশের বিভিন্ন স্থানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নানা শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে জেলা প্রশাসনের মাধ্যমে লিজ শর্ত মেনে

কৃষি-পতিত জমি লিজ নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এক পরিপত্রে বাৎসরিক লিজ মানির হার এক শতাংশ থেকে একলাফে ৬০০ শতাংশ বৃদ্ধি করেছে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ অর্পিত সম্পত্তি লিজগ্রহীতা সমিতি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সমিতির আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, উচ্চ হার নির্ধারণের কারণে বেশিরভাগ গরিব লিজগ্রহীতা নির্দিষ্ট সময়ে লিজ নবায়ন করতে পারছেন না। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনে হোল্ডিং নম্বর, গ্যাস-বিদ্যুৎ লাইন সংযোগ এবং বিএস খতিয়ানে দখল কলামে লিজগ্রহীতার নাম সন্নিবেশিত আছে। এসব সম্পত্তির কোনো দাবিদার না থাকায় অর্পিত সম্পত্তি স্বল্প সালামি মূল্যের বিনিময়ে স্থায়ী বন্দোবস্ত প্রদানে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অর্পিত সম্পত্তি লিজগ্রহীতা সমিতির আহ্বায়ক মো. বশীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শহীদুল আলম লস্কর, উত্তম দে, মোহাম্মদ কামাল, হোসেন মীর মহব্বত হোসেন, চন্দন কুমার নাগ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত