ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে মাসব্যাপী চলছে আলোচনা-সমালোচনা। সব সমালোচনা ছাপিয়ে আশার খবর হলো দুটি সিনেমাই বেশ ভালো যাচ্ছে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। এর মধ্যেই গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। সেখান থেকে জানালেন, বিদেশের মাটিতে দেখলেন ‘সুড়ঙ্গ’ সিনেমা। নির্মাতা তার এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ঢাকায় টিকিট ও সময় পাইনি বলে দেখতে পারিনি। নিউইয়র্কে দেখে নিলাম ‘সুড়ঙ্গ’।’
তিনি বলেন, ‘নিশো ভাই দুর্দান্ত, আমি সব সময় বলতাম ভাই সিনেমায় আসেন। এমন শুরু দরকার ছিল তার। তমা মির্জা খুব ভালো ছিল।’ সবশেষে ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফির উদ্দেশে তিনি বলেন, ‘তোমার সিগনেচার আছে, খুব যতেœ বানানো। চোখের আরাম পুরো সিনেমাজুড়ে। হ্যাটস অফ টিম।’
