বেলারুশকে নিয়ে আতঙ্কিত পোল্যান্ড সীমান্তে সেনা বৃদ্ধি

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৪৪ এএম

বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে পোল্যান্ড। দেশটি বলেছে, বেলারুশের একটি সামরিক হেলিকপ্টার পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনার পর দ্রুতগতিতে সীমান্তে সেনা পাঠিয়েছে সামরিক জোট ন্যাটোর সদস্য এই দেশটি। তবে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বেলারুশের সামরিক হেলিকপ্টার পোলিশ আকাশসীমা লঙ্ঘন করেছে বলে গত মঙ্গলবার অভিযোগ আনে পোল্যান্ড। এজন্য তারা তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা পাঠায়। বেলারুশের সামরিক বাহিনী অবশ্য এ ধরনের কোনো লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে এবং সীমান্তে সেনা পাঠানোর ন্যায্যতা দেওয়ার জন্য পোল্যান্ড এ ধরনের অভিযোগ সামনে আনছে বলে পাল্টা অভিযোগ করেছে। এর আগে গত ২৯ জুলাই পোলিশ প্রধানমন্ত্রী মাতুসা মোরাউইজকি বলেছিলেন, রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের ১০০ সেনা পোল্যান্ডের সীমান্তের একেবারে কাছাকাছি বেলারুশের গ্রোদনতে পৌঁছে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত