ড্রামা, রোমান্স, সাই-ফাই এবং থ্রিলারের মিশেলে নির্মিত ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ অভাবনীয় সাড়া ফেলেছে। মুক্তির সাত দিনে ১ কোটির বেশি মিনিট স্ট্রিমিং হয়েছে সিরিজটি। এমনটাই জানিয়েছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।
তারা জানান, ‘আমি কী তুমি’র জন্য অভূত সাড়া পেয়েছেন। কোটির বেশী মিনিট স্ট্রিমিং হওয়ার পাশাপাশি দর্শকের কাছ থেকে দারুণ ফিডব্যাক পেয়েছেন।
এদিকে ২৭ জুলাই আইস্ক্রিনে ‘আমি কী তুমি’ স্ট্রিমিং হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় রীতিমত হুড়োহুড়ি। বেশীর ভাগই সিরিজটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।
সিরিজের মূল চরিত্র তিথি নামের একজন মেয়ে। যার জীবনের একটাই লক্ষ্য; আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা এবং সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোনো কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে।
এমনই রহস্যে মোড়া জীবনচরিতের চারপাশ জুড়ে চিত্তাকর্ষক এক আবহের সৃষ্টি করা হয়েছে আকাশের গায়ে সবুজ বলয়রেখা দেখিয়ে। দৃশ্যটি দর্শকদের মনে একটাই সম্ভাবনার উদয় ঘটায়; আর তা হচ্ছে পৃথিবীতে এলিয়েন আগ্রাসন। কিন্তু তার সত্যতা এই প্রথম সিজনেই যাচাই করা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য।
৮ পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জুনায়েদ বোগদাদি, শ্যামল মাওলা। এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, আনোয়ার শাহী, রফিউল কাদের রুবেল, তৌহিদা তাসনিম তিফা প্রমুখ।
