ঢাকা থেকে কলকাতা পর্যন্ত প্রমোদতরী চালু করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে আবেদন করেছেন এক জাহাজ ব্যবসায়ী।
আগামী ১০ অক্টোবর সদরঘাট থেকে হাওড়ার উদ্দেশ্যে এ প্রমোদতরী চালু করতে চান এমভি রাজারহাট সি জাহাজের মালিক মাসুম খান।
জানা যায়, জাহাজটি পর্যটকদেরর নিয়ে কলকাতায় ৩ দিন অবস্থান করবে। এ সময় তারা কলকাতার বিখ্যাত সব স্থান ঘুরে দেখতে পারবেন। ঢাকা থেকে হাওড়ায় পৌঁছাতে এই জাহাজের সময় লাগবে ৪৫ ঘণ্টা। যাত্রাপথে জাহাজটি বিভিন্ন স্থানে নোঙর করবে। ফলে, ভ্রমণকারীরা যাত্রা বিরতির স্থানগুলোও ঘুরে দেখতে পারবেন। তারা উভয় দেশের সংস্কৃতি ও খাবারের অভিজ্ঞতা নিতে পারবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি ভারত থেকে একই ধরনের একটি প্রমোদতরী চালু হয়। অন্তরা ক্রুজ পরিচালিত এমভি গঙ্গা বিলাস ইতিমধ্যে ভারতের ৫টি রাজ্য ও বাংলাদেশের কিছু অংশে ইতিমধ্যে ভ্রমণকারীদের নিয়ে ঘুরে দেখিয়েছে।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, বিআইডব্লিউটিএ এখনও প্রমোদতরীর অনুমোদন দেয়নি। তারা একটি আবেদন পেয়েছেন।