সামরিক হস্তক্ষেপ ঠেকাতে আকাশসীমা বন্ধ করল নাইজার

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৩:২০ পিএম

সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় আকাশসীমা বন্ধ করে দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। দেশটির অভ্যুত্থানপন্থী সামরিক নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। আজ সোমবার (০৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে নিজেকে নতুন নেতা হিসেবে ঘোষণা দেন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস।

তারা রবিবারের মধ্যে মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে বলে। অন্যত্থায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে জানায়।

ফলে সামরিক অভিযান ঠেকাতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা যাচ্ছে, বর্তমানে নাইজারের আকাশে কোনও বিমান নেই।

অপরদিকে ইকোয়াসের সামরিক হস্তক্ষেপ ঠেকাতে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সহায়তা চেয়েছে নাইজারের জান্তা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান। সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত