বাবরের সেঞ্চুরিতে হার সাকিবদের

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম

বিদেশের লিগে নিজের চেনা ছন্দে ব্যাট করেছেন বাবর আজম। পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতে লঙ্কা প্রিমিয়ার লিগে তার দল পেয়েছে বড় জয়। কলম্বো স্ট্রাইকার্স ৭ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের গল টাইটানসকে।

টস হেরে আগে ব্যাট করতে নামা গল নির্ধারিত ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন টিম সেইফার্ট। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ৩টি ছক্কা। এছাড়া শেভন ডেনিয়েল ৪৯ রান করেন। অন্যান্য দিন চারে সাকিবকে নামলেও আজ বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট করতেই নামেননি।

কলম্বোর হয়ে নাসিম শাহ, রমেশ মেন্ডিস ও লক্ষণ সান্দাকান একটি করে উইকেট শিকার করেন।

১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলম্বো। বাবর আজম খেলেন ৫৯ বলে ১০৪ রানের এক ইনিংস। তার ব্যাট থেকে আসে ৮টি চার ৫টি ছক্কা। এছাড়া পাথুম নিশাংকা ৫৪ রান করেন।

গলের হয়ে তাবরিজ শামসি সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নিয়েছেন কাসুন রাজিথা। ব্যাট হাতে না নামা সাকিব বল হাতে ৪ ওভার পূরণ করলেও ছিলেন উইকেট শূন্য। দিয়েছেন ৩০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত