চেয়ারম্যানের সই জাল করে গ্রেপ্তার স্টুডিও মালিক

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২:৫৪ এএম

মানিকগঞ্জের সিংগাইরে টাকার বিনিময়ে চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন সনদ তৈরি করায় পিয়ার আলী (৩৫) নামের এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পিয়ার আলী উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তার সাহরাইল বাজারে মায়ের দোয়া নামের স্টুডিও রয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাহরাইল বাজারে মায়ের দোয়া ষ্টুডিওর মালিক পিয়ার আলী ১৮ হাজার টাকা চুক্তিতে স্থানীয় সুমনের বয়স বাড়িয়ে ভোটার আইডি কার্ড করে দেওয়ার চুক্তি নেন। এর জন্য সে ভুয়া নাগরিকত্ব সনদ, প্রত্যয়ন পত্র, জন্মসনদ ও ট্যাক্সের প্রয়োজনীয় কাগজপত্র বানিয়ে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সত্যায়িত করেন।

পরে সুমন চেয়ারম্যানের কাছে নির্বাচন কমিশনের নিবন্ধন ফরমে স্বাক্ষর করাতে গেলে অন্যসব কাগজে তার স্বাক্ষর দেখে চেয়ারম্যান আব্দুল হালিমের সন্দেহ হয়। পরে পিয়ার আলীকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে তার দায় স্বীকার করেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, চেয়ারম্যানের করা মামলায় পিয়ার আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত