হবিগঞ্জে বন্ধ বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি ১৪ মাসেও

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:৫৯ এএম

হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ১৪ মাস ধরে বন্ধ রয়েছে। গত বছরের ২৯ মে অগ্নিকান্ডে কেন্দ্রের ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এটি বন্ধ রয়েছে। কয়েক দফা চিঠি চালাচালি হলেও এটি সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এদিকে শাহজীবাজারে ৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা থাকলেও নির্মাণকাজে দীর্ঘসূত্রতা ও আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বর্তমানে মাত্র ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। এতে দিনে ৭-৮ বার লোডশেডিংয়ের ভোগান্তি পোহাচ্ছে জেলাবাসী।

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে চালু হয় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি। এটি উদ্বোধন হয় ২০১৭ সালের ১ মার্চ। কেন্দ্রটিতে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে দুটি গ্যাস টারবাইনের মাধ্য ২২০ মেগাওয়াট ও একটি স্টিম টারবাইনের মাধ্যমে বাকি ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০২২ সালের ২৯ মে আগুন লেগে এর ৩টি ট্রান্সফরমারই পুড়ে যায়। এরপর থেকেই এটি বিকল অবস্থায় পড়ে আছে। ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হওয়ার সময় একটি যন্ত্র নষ্ট হয়ে যায়। এরপর থেকে এখনো তা চালু হয়নি। বর্তমানে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি চালু রয়েছে। বহু পুরনো এই কেন্দ্র থেকে ৩০-৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলে শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে, যা কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতার ১০ শতাংশেরও কম।

এদিকে বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন নষ্ট থাকায় ব্যাপক মাত্রায় লোডশেডিংয়ের ভোগান্তি পোহাচ্ছেন হবিগঞ্জবাসী। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানাতেও এর প্রভাব পড়ছে।

হবিগঞ্জ শহরের ব্যবসায়ী মহিবুর রহমান টিপু বলেন, ‘আমরা ঠিকই বিদ্যুৎ বিল দিচ্ছি। কিন্তু নিয়মিত বিদ্যুৎ পাচ্ছি না। দিনে সাত-আটবার বিদ্যুৎ চলে যায়।’

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম বলেন, ‘জেলার সরকারি সবচেয়ে বড় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি একটি অনাকাক্সিক্ষত ঘটনায় বিকল হয়ে এক বছরের বেশি সময় ধরে পড়ে আছে। অথচ শিল্পাঞ্চলসমৃদ্ধ একটি জেলা। বিদ্যুৎকেন্দ্রটি বিকল থাকার কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এ বিষয়ে শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী শফি উদ্দিন আহমেদ বলেন, ‘৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি পুনঃ সংস্কারকাজ প্রক্রিয়াধীন আছে। আশা করা যায় অতি দ্রুত এটি চালু করা সম্ভব হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত