নানা আয়োজনে পালিত বঙ্গমাতার জন্মবার্ষিকী

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:১১ এএম

বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদনসহ রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তার কবরে শ্রদ্ধা জানান। পরে তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা বঙ্গমাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী কে এম খালিদ। সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান উপলক্ষে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক অনুষ্ঠানের আয়োজন করে। শেখ হাসিনা অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দলের মধ্যে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান করেন।

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত