বিএনপি একটি কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই ‘কঠিন’ সময়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আজ বুধবার (৯ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।
খসরু বলেন, আজকে আমরা সকলে কঠিন সময়ের সম্মুখীন হচ্ছি। এর থেকে কঠিন সময় বাংলাদেশের জীবনে আর কখনো আসে নাই। যারা সাহসিকতার সঙ্গে সামনে থাকবেন, তারা হবেন প্রকৃত নেতা। তারা হবেন আগামী দিনের বিএনপির কাণ্ডারি।
একজন যোগ্য নেতার আদর্শ, উদ্দেশ্য, সাহস এমনকি প্রয়োজনে দুঃসাহস থাকতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যোগ্য নেতার মূল পরীক্ষা হয় তখনই যখন কঠিন সময় সামনে আসে। সুবিধাভোগী নেতাদের এখন আর কোনো সুযোগ নেই। আর নেতা নির্বাচনে ভুল করা যাবে না। গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারা সম্মুখভাগে সামনের দিনে এই ফ্যাসিস্ট সরকারের মোকাবিলা করছে।
সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।
