সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বিল্লাল হোসেন। গতকাল শুক্রবার সকালে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সাভার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওসমান গণির ওপর হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ওসমান গণি বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফারহান শাকিল ও তার সহযোগী মো. মাহিম ওরফে টম।
ভুক্তভোগীর স্বজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাভার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষাসফর নিয়ে প্রাথমিক আলোচনায় ওসমান গণির সঙ্গে ফারহান শাকিলের কথা-কাটাকাটি হয়। ওসমান গণি কলেজ থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় কলেজের প্রধান ফটকে এলে সাবেক ছাত্রলীগ নেতা ফারহান শাকিল ও তার অনুসারীরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। এ সময় ওসমান গণির মাথা ফেটে গেলে সহপাঠীরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সুপার মেডিকেল হাসপাতাল, পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে ওসমান গণির সঙ্গে থাকা এক সহপাঠী জানান, ওসমান গণির মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তার পিঠে বাঁশের আঘাতে জখম হয়েছে। মাথায় সেলাইয়ের পর সিটিস্ক্যান করানো হয়েছে। সিটিস্ক্যানের রিপোর্ট পেয়ে চিকিৎসকরা ব্যবস্থা নেবেন।
হামলার বিষয়ে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমরুল হাসান বলেন, কলেজের বাইরে গেটের সামনে মারধরের ঘটনা ঘটেছে শুনেছি। আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
