টাইব্রেকারে জিতে প্রথমবার সেমিতে অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:০৫ এএম

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোনো দল। ফলে টাইব্রেকারে গড়ায় অস্ট্রেলিয়া ও ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তবে সেখানেও নাটক। দুই দল মিলিয়ে ২০ শটের এক ম্যারাথন শুটআউট দেখল বিশ্ব। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৭-৬ এ হারিয়েছে ফ্রান্সকে। অপর কোয়ার্টারে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।

ব্রিসবেনে টাইব্রেকারে অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড নিজে বল জালে জড়াতে ব্যর্থ হলেও ফ্রান্সের তিনটি শট ঠেকিয়েছেন। কার্টনি ভাইন অস্ট্রেলিয়ার দশম শটে গোল করেন। আর এতেই জয় নিশ্চিত হয় দলটির।  ২০১১ সালের আসরে সেমিফাইনাল খেলা ফান্স ম্যাচের প্রথমার্ধ ও অতিরিক্ত সময়ে ভাল ফুটবল খেললেও গোল করতে পারেনি। প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ডকে।

গতকাল সিডনিতে প্রথমে গোল হজম করেছিল ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে ওঠে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন অ্যালিসিয়া রুশো, করেছিলেন ৪ গোল। তবে এবার নারী বিশ্বকাপে এসে শুরুর একাদশে জায়গা পেয়েও সেই ফর্মের ধারেকাছে যেতে পারছিলেন না রুশো। ২৪ বছর বয়সী ইংলিশ এই ফরোয়ার্ডের গোলেই জয় পেল ইংল্যান্ড।

ম্যাচের ৪৪ মিনিটে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লেসি সান্তোস। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা আনেন লরেন হেম্প। ৬৩ মিনিটে গোল করেন রুশো। শেষ পর্যন্ত সেটিই হয় জয়সূচক গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত