মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হবে

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৫৭ এএম

প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ আধুনিক ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এখনো বাড়ছে। এর আগে কখনো এত ডেঙ্গু রোগী দেখিনি। এই রোগীর জন্য স্যালাইনের প্রয়োজন। আমার দেশে যারা স্যালাইন তৈরি করে, তাদের সব ক্ষমতা দিয়ে তৈরি করতে বলেছি। তার পরও তারা চাহিদার তুলনায় উৎপাদন করতে পারছে না। বর্তমান হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে। হঠাৎ করে উৎপাদনক্ষমতা বাড়ানো সম্ভব না। তাই বিদেশ থেকে স্যালাইন আমদানির অনুমতি দেওয়া আছে।’ 

জাহিদ মালেক আরও বলেন, সরকারি হাসপাতালগুলোও প্রয়োজনে বাইরে থেকে স্যালাইন সংগ্রহ করতে পারবে। দেশে বেসরকারি হাসপাতালে কিট সংকট আছে কি না জানি না, সরকারি হাসপাতালে কিট সংকট নেই। তবে ভবিষ্যতে কিট সংকটে পড়লে যাতে বাইরে থেকে কিনে আনতে পারে, তার অনুমতি দেওয়া আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসা দেওয়ার জন্য সব ব্যবস্থা নেওয়া আছে। ঢাকা শহরেই শুধু তিন হাজার বেড রাখা আছে, দুই হাজার বেড ভর্তি আছে। সারা দেশে পাঁচ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনো খালি আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত