ট্রেনে ছিনতাই হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৫

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৫৯ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও পাথর নিক্ষেপের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর টঙ্গী ও রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এই তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নয় আসামিকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা ও রেলওয়ে পুলিশ।

র‌্যাব জানায়, কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েক যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। এ সময় যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ড সহ কয়েকজন যাত্রী আহত হয়।

র‌্যাবের-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা সাংবাদিকদের জানান, ট্রেনে ছিনতাইয়ের এ ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী এবং রাজধানীর আব্দুল্লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত