সুশীল সমাজের সঙ্গে বৈঠক দুই কংগ্রেসম্যানের

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৩২ এএম

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। গতকাল রবিবার বিকেলে রাজধানীর গুলশানে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা জানান, সফরে এসে রাজনৈতিক অবস্থা এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে জানার চেষ্টা করেছেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন দুই কংগ্রেসম্যান।

বৈঠক সম্পর্কে আলোকচিত্র শিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলম বলেন, ‘আমাদের মধ্যে ঘরোয়া আলাপ হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত জায়গা থেকে অনেকে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ নির্যাতিত, সুষ্ঠু নির্বাচন হয়নি, সেসব কথা উঠেছে। আমাকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছিল, তা নিয়ে এখনো আমি ভুগছি, আলোচনায় এসব কথা উঠে আসে।’

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আর্টিকেল ১৯-এর আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল বলেন, গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কী করা দরকার, সেসব বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা জিজ্ঞাসা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছিল কি না। আমরা বলেছি বাংলাদেশে আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, সেটা রাজনৈতিক দল বলতে পারবে বলে জানিয়েছি।’ তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সব রাজনৈতিক দলের সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা নির্ধারিত হবে। আমাদের নির্বাচন কেমন হবে ইউরোপ-আমেরিকা ঠিক করতে পারবে না। আমাদের রাজনৈতিক সংকট আমাদের সংলাপের মাধ্যমেই ঠিক করতে হবে।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বৈঠকে রাজনৈতিক সংকট নিরসনে মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিতের কথা বলেন বলে জানান। তিনি বলেন, ‘তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই ছিল, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমার বক্তব্য সব সময় একই মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এসব সাক্ষাতে রাজনৈতিক আলাপ মুখ্য নয়।’ নানা বিষয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এই তিনজন ছাড়াও বৈঠকে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মাইগ্রেশন রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান ড. খন্দকার মোরশেদা ফারহানা, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান ও পরিবেশকর্মী ড. সৈয়দা রিজওয়ানা হাসান, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী পরিবেশকর্মী শিরিন হক ও তার ছেলে বারিশ চৌধুরী অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত