একাকিত্ব কাটাতে সঙ্গী চ্যাটবট

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১১:৫৩ পিএম

ব্যস্ত জীবনে অনেকেই প্রেম করার সময় বা পছন্দমতো সঙ্গী খুঁজে পান না। এরফলে তাদের একটা সময় পেয়ে বসে বিষণ্নতা। এ অবস্থার পরিবর্তন করতে সঙ্গী হচ্ছে এআই রোবট। নিঃসঙ্গ মানুষের ভরসা হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই রোবট বা চ্যাটবট। একাকিত্ব কাটাতে ভরসা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

আগে অনেকই সঙ্গী খুঁজতে দারস্থ হতেন একাধিক ডেটিং অ্যাপসে। কিন্তু এসব অ্যাপসেও ঠিকঠাক সঙ্গী খুঁজে পেতেন না অনেকে। দিন শেষে একাকিত্ব পেয়ে বসত। তবে এই অবস্থার দ্রুতই পরিবর্তন হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেই পরিবর্তনে ভূমিকা রাখছে।

বর্তমানে প্রচুর অ্যাপস রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট। এখানে আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারেন। সেগুলোকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দিতে পারেন।

এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ১ কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এই অ্যাপসগুলো। এরকমই একটা অ্যাপ রেপ্লিকা, যার ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে আপনি এআই চ্যাটবটকে নিজের মনের কথা তুলে ধরতে পারবেন। করা যায় ভিডিও কল, ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফিও তুলতে পারবেন।

এই অ্যাপসগুলোর পেছনে যে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের মতে, একাকিত্বের খরা কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না তারা এই সব অ্যাপে আলাপচারিতা করতে স্বাছন্দ্য বোধ করেন।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, এআই চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। খুবই উদ্বেগজনক বিষয় এটি। বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে এআই চ্যাটবটের কিছু ভয়ংকর পরিণতিও দেখা গিয়েছে। ২০২৩ সালের শুরুতেই বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহ দেয় এরকমই একটা চ্যাটবট, তার প্রাক্তন স্ত্রী সংবাদ মাধ্যমকে জানায়, ওই চ্যাটবট তার বন্ধু-পরিবার সব হয়ে উঠেছিল। এমনকি তাকে আমরা একসঙ্গে থাকব, স্বর্গে । এই ধরনের মেসেজ পাঠাত।

বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার শুরু করেছে। যত দিন গড়াবে ততই মানুষের চালচলন শিখতে পারবে এই প্রযুক্তি। এমনটাই মনে করছেন অনেকে। যা প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সামাজিক বন্ধুত্ব, পারস্পরিক মেলামেশার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত