পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েই পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম বাড়ালেন আনোয়ারুল হক কাকর। সম্প্রতি তিনি এ সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করার পর জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয় দেশটির অর্থ মন্ত্রণালয়।
পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত থেকেই দেশটিতে নতুন দাম কার্যকর হয়েছে।
এবার লিটার প্রতি হাইস্পিড ডিজেলের দাম ২০ রুপিরও বেশি বেড়েছে, যা কিনতে হবে ২৯৩.৪০ রুপিতে। অন্যদিকে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৭.৫০ রুপি, যা কিনতে হবে ২৯০.৪৫ রুপিতে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও কেরোসিন এবং হালকা ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, জ্বালানির দাম বাড়ায় পাকিস্তানের সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে। এই মূল্যস্ফীতি গত দুই মাস কিছুটা স্থিতিশীল ছিল। অবশ্য এর আগে সদ্য বিদায় নেওয়া শেহবাজ শরিফ সরকারও জ্বালানির মূল্য বাড়িয়েছিল। বলা যায়, দুই সপ্তাহের ব্যবধানে আবারও জ্বালানির দাম বাড়াল পাকিস্তান।
