লেবাননে বন্দি গাদ্দাফির ছেলে, মুক্তি চাইল লিবিয়া

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম

লিবিয়ার বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লেবাননকে প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবালকে মুক্তি দিতে বলেছে। তাকে ২০১৫ সাল থেকে লেবাননে কোনও অভিযোগ ছাড়াই আটক করে রাখা হয়েছে। গত সোমবার কর্মকর্তারা এ কথা জানায়।

বিনা বিচারে আটকের প্রতিবাদে গত ৩ জুন অনশনে যান হানিবাল গাদ্দাফি। এরপর তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাকে কমপক্ষে দুইবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি খুব অল্প পরিমাণে পানি খাচ্ছেন।

লেবাননের দুজন বিচার বিভাগীয় কর্মকর্তার মতে, লিবিয়ার প্রসিকিউটর জেনারেল আল-সাদিক আল-সৌর এই মাসের শুরুতে লেবাননের প্রসিকিউটর ঘাসান ওয়েদাতকে হানিবাল সম্পর্কে একটি অনুরোধ পাঠিয়েছিলেন।

কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন। যেহেতু তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।

ওই অনুরোধে প্রশ্ন করা হয়েছে, কেন গাদ্দাফির ছেলেকে আটক রাখা হয়েছে এবং বলা হয়েছে, তাকে হয় লিবিয়ায় হস্তান্তর করা হবে বা সিরিয়ায় ফিরে যেতে দেওয়া হবে। সিরিয়ায় আট বছর আগে অপহরণের আগ পর্যন্ত হানিবাল গাদ্দাফি তার লেবাননী স্ত্রী অ্যালাইন স্কাফ এবং সন্তানদের সঙ্গে নির্বাসিত জীবনযাপন করেছেন।

হানিবাল ২০১৫ সাল থেকে লেবাননে আটক রয়েছেন। লেবাননের জঙ্গিরা তাকে অপহরণ করার পরে ধর্মগুরুর অবস্থান সম্পর্কে তথ্য দাবি করে। লেবাননের পুলিশ পরে ঘোষণা করে তারা হানিবালকে উত্তর-পূর্ব লেবাননের বালবেক শহর থেকে তুলে নিয়েছে। সেখানে তাকে বন্দি করা হয়েছিল। এরপর থেকে তাকে বৈরুতের কারাগারে রাখা হয়েছে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত