দুর্দান্ত মেসিতে ফাইনালে মায়ামি

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২:১৫ এএম

যে দল টানা ১১ ম্যাচে ছিল জয়শূন্য লিওনেল মেসির ছোঁয়ায় সেই ইন্টার মায়ামিই টানা ৬ ম্যাচ জিতে লিগস কাপের ফাইনালে উঠে গেছে। বুধবার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে প্রথম সেমিফাইনালে ৪-১ গোলে হারায় ইন্টার মায়ামি। এ ম্যাচেও একটি গোল করেছেন মেসি। মায়ামির হয়ে ৬ ম্যাচে ৯ গোল হলো মেসির। ফাইনালে ওঠায় মায়ামি প্রথমবার কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিত করেছে।

ফিলাডেলফিয়ার মাঠে মায়ামি প্রথমার্ধেই এগিয়ে যায় তিন গোলে। ম্যাচের তৃতীয় মিনিটে গোল করেন জোসেফ মার্তিনেজ। সেরজি ক্রিভ্তসভ থ্রু বল বাড়ান, বক্সের ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ঢুকে সেটি জালে পাঠান মার্তিনেজ। লিগস কাপে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই গোল করল মায়ামি। পাঁচ মিনিট পর গোল শোধের সুযোগ পেয়েছিল ফিলাডেলফিয়া। তবে দানিয়েল গাজদাগের শট ঠেকিয়ে দেন মায়ামি গোলকিপার ড্রাক কালেনডার।

২০ মিনিটে মেসির জাদু। ডি-বক্সের অনেকটা বাইরে, ৩১.৮ মিটার দূর থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়ান মেসি। ফিলাডেলফিয়ার গোলকিপার আন্দ্রে ব্লাক বাঁ দিয়ে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এর চেয়ে দূর থেকে গোল আছে একটি। ২০১২-তে বার্সেলোনার হয়ে মায়োর্কার বিপক্ষে ৩২ মিটার দূর থেকে গোল করেছিলেন মেসি। সে হিসেবে এটি মেসির ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ দূর থেকে করা গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন জর্ডি আলবা। নিজেদের অর্ধে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন রবার্ট টেইলর। সেন্টার সার্কেল থেকে তিনি বাঁ দিকে বল বাড়ান। আলবা বল পায়ে বাঁ দিক দিয়েই সামনে এগিয়ে বক্সে ঢুকে গোল করেন। মায়ামিতে অভিষেকের পর এটি আলবার প্রথম গোল। ২০২০-এর ১৩ জুনের পর আবারও একই ম্যাচে গোল করলেন মেসি ও আলবা। এর আগে বার্সেলোনায় থাকতে একই ম্যাচে গোল করেছিলেন তারা।

৭৩ মিনিটে ফিলাডেলফিয়ার আলেজান্দ্রো বেদোয়া একটি গোল শোধ দেন। তবে ৮৪ মিনিটে ডেভিড রুইজ গোল করে আবার ব্যবধান বাড়ান। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মায়ামি। অথচ মেসি যোগ দেওয়ার আগে মেজর লিগ সকারে ২২ ম্যাচে মাত্র ২২টি গোল করতে পেরেছিল দলটি।

দলকে ফাইনালে তোলার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। লিখেছেন, ‘আমরা ফাইনালে ওঠার জন্য কাজ করেছি এবং তা করতে পেরেছি। এখনো আমাদের শেষ ধাপ বাকি আছে।’

মায়ামি কোচ মার্তিনো বলেন, ‘অন্যতম একটি লক্ষ্য ছিল কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপে খেলা। এখন আমাদের আরও প্রস্তুতি নিতে হবে এবং সম্ভব হলে চ্যাম্পিয়নশিপটি জিততে হবে। আমরা আত্মবিশ্বাসী। তবে কীভাবে আরও ভালো করা যায় সেটিও দেখতে হবে।’ মার্তিনো মনে করেন মেসি, বুসকেটস, আলবা থাকায় দলের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। ম্যাচেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

ফিলাডেলফিয়ার কোচ জিম কার্টিন বলেন, ‘প্রথম ২০-৩০ মিনিটে দল অনেক ভুল করেছে। সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে মায়ামি। চার গোল হজম করাটা কষ্টের।’

বাংলাদেশ সময় আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মেসিরা খেলবেন ন্যাশভিলের বিপক্ষে। অপর সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে মন্টেরেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত