নাইজারে হস্তক্ষেপ নিয়ে বৈঠকে বসছে ইকোওয়াস

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৭:২৬ পিএম

নাইজারে চলমান সঙ্কট নিয়ে একটি সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপের ব্যাপারে বৈঠকে বসছেন পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঘানার রাজধানী আক্রাতে দুই দিনের এই বৈঠক শুরু হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ইকোনমিক কমিউনিট অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারে ‘সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য স্যান্ডবাই ফোর্স’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি চূড়ান্ত করতেই বৈঠকে বসছেন পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা।

গত ২৬ জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম গৃহবন্দী রয়েছেন। গত সোমবার তাকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেয় জান্তা। বাজুমের মুক্তি ও তার পুনর্বহাল চেয়েছিল ইকোওয়াস।

এদিকে জঙ্গি হামলায় জর্জরিত নাইজারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দেশটিতে জিহাদিদের অতর্কিত হামলায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুরকিনা ফাসোর সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলের কুতুগু শহরের কাছে সেনাবাহিনীর একটি দল জঙ্গি হামলার শিকার হয়। সেখানে আরও ২০ সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত