নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ এখনও আসেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষক অনুরোধ জানায়নি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, তবে গত ৯-২৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের আরও একটি প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের জারিকৃত নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নীতিমালা অনুসরণ করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ নিয়ে হালনাগাদ তথ্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রতি বছর খাতভিত্তিক বিভিন্ন সংলাপ আয়োজন হয়। এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশের রাজধানীতে পর্যায়ক্রমে প্রতিবছর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ২০২২ সালে ওয়াশিংটন ডিসিতে অষ্টম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হওয়ায় এর ধারাবাহিকতায় সংলাপের নবম আসর এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।

কবে নাগাদ এই সংলাপ হবে, তার দিনক্ষণ মুখপাত্র না জানালেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেপ্টেম্বরের শেষ দিকে তা হতে পারে।

ঢাকা-ওয়াশিংটনের সাম্প্রতিক বৈঠকগুলো নিয়মিত নাকি বিশেষ পর্যায়ের- এমন প্রশ্নে মুখপাত্র বলেন, সাম্প্রতিক বৈঠক, সংলাপ কিংবা উভয় দেশের উচ্চ পর্যায়ের সফর বিদ্যমান বহুমাত্রিক সম্পর্কের নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত