ডাকাতিয়ায় নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:০২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের সদ্য মাধ্যমিক পাস করা ছেলে তানভীর (১৬) ও মেডিকেলে পড়ুয়া মেয়ে আনিকা রহমান অরণ্য (১৮)।

স্থানীয়রা জানান, নিহতরা পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গত বৃহস্পতিবার তারা ঝিকড্ডা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বেলা ১১টার দিকে আনিকা রহমান অরণ্য ও তানভীর রহমান মামাতো ভাইদের সঙ্গে নিয়ে খাটরা গ্রামসংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। দুপুর ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরিয়ে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় আনিকা ও তানভীর পানিতে তলিয়ে যান। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যরা দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেলে লাশ দুটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত