ইংল্যান্ডের ট্রফি খরা ঘুচেছিল গত বছর। মেয়েদের হাত ধরে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা ৫৬ বছর পর। এবার সুযোগ এসেছিল ৫৭ বছর পর বিশ্ব জয়ের। শুরুতে গোল হজমের পর ফিরে আসার পথ তৈরি করেছিল তারা। তবে ফিনিশারদের ব্যর্থতায় তা হারায় ইংলিশ মেয়েরা। তাতে নারী বিশ্বকাপের নবম আসরে শিরোপা জয়ী পেয়েছে বিশ্ব।
ফুটবলের উদ্ভাবক ইংল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ওলগা কারমোনার গোলে শিরোপা জিতেছে তারা।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিল। একাধিক সুযোগও এসেছিল দুই দলের। তবে প্রথম সুযোগটা কাজে লাগায় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় তারা।
স্প্যানিশ উইঙ্গার ম্যারিওনা কালডেন্টির বাড়িয়ে দেওয়া বল গোল করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার ওলগা। ১৯ নম্বর জার্সিধারীর গোলে শিরোপার খুব কাছাকাছি চলে যায় ২০১০ সালে ছেলেদের বিশ্বকাপে শিরোপা জয়ী দেশটি।
এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর আক্রমণে ধার বাড়ায় ইংলিশ মেয়েরা। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। উল্টো নিজেদের বক্সের ভেতরে ফাউল করে পেনালটি জরিমানা গুণে বসে তারা। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ পায় স্পেন। ভাগ্যদেবী যেন বড় মুখ তুলে তাকিয়ে ছিলেন তাদের দিকে। কিন্তু সেটা মিস করে বসেন স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসো।
গোল কিপার মেরি ইরাপস পেনালটি ঠেকিয়ে দিলে ইংলিশ মেয়েদের আত্মবিশ্বাসও যেন বেড়ে যায়। আক্রমণের গতি আরও বাড়ায়। কিন্তু স্প্যানিশ রক্ষণভাগ যেন প্রাচীর হয়ে উঠেছিল। শেষ সময়ে একাধিক সুযোগ এলেও গোলকিপার কাটা কোল তা প্রতিহত করেছেন দক্ষভাবেই।
তাতে ৫৭ বছর পর পাওয়া সুযোগ আরও একবার হারালো ইংলিশ মেয়েরা। নতুন বিশ্বকাপ জয়ী হয়ে এলো স্প্যানিশরা।
