আগরতলা মাতাবে ইমনের ‘মিউজিক্যাল’

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম

এ সময়ের জনপ্রিয় কম্পাজার ইমন চৌধুরী। পরপর হিট গান উপহার দিচ্ছেন দর্শকদের। তার মেধার দ্যুতি ও জনপ্রিয়তা এখন দেশ ছেড়ে বিদেশেও। তাই তো এবার ডাক পেলেন ভারতের আগরতলায়। ২৫ জনের দল নিয়ে আগামীকাল সেখানে যাচ্ছেন তিনি। পরদিন সেখানকার রবীন্দ্র ভবনে শো শেষে পুরো দল নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে। ইমন চৌধুরী জানান, দলবল নিয়ে পুরোদমে মহড়া চলছে। দেশের বাইরে যেহেতু প্রথমবার কোনো শোয়ে যাচ্ছেন, তাই প্রস্তুতির কোনো কমতি রাখছেন না। সাধারণত দেশের বাইরে কোনো শোয়ে একসঙ্গে এত বড় দল নিয়ে বাংলাদেশ থেকে কাউকে যেতে দেখা যায় না। সেখানে ২৫ জনের দল নিয়ে যাওয়ার প্রসঙ্গটি মনে করিয়ে দিতে ইমন বলেন, ‘আমরা তো দেশে ৩৫-৪০ জনের দল নিয়ে পারফর্ম করি। আগরতলার শো যেভাবে পরিকল্পনা করা হয়েছে, তাতে ২৫ জনের দরকার। আয়োজকেরা আমাদের এই দলকে স্বাগত জানিয়েছেন। এখন আমাদের সবার চেষ্টা হচ্ছে, সুন্দরভাবে অনুষ্ঠানটি করে আসা। আমাদের প্রস্তুতি দেড় ঘণ্টা গান করার।’

ইমন চৌধুরী গত কয়েক মাসে গানের দল ‘মিউজিক্যাল’ নিয়ে দেশের বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন। স্টেজ শোর পাশাপাশি সমানতালে চলচ্চিত্রের গানও তৈরি করেছেন তিনি। গানে কণ্ঠও দিয়েছেন। ‘মায়া : দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ‘হাওয়া’ সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’র পর কোক স্টুডিও বাংলার জন্য তার করা ‘কথা কইয়ো না’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে সর্বমহলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত